যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন মানুষের দেহে মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য ও মানবিক পরিষেবা বিভাগ (HHS)।

সংস্থাটির মুখপাত্র অ্যান্ড্রু জে নিক্সন এক ইমেইল বার্তায় জানান, গত ৪ আগস্ট মার্কিন রাজ্য ম্যারিল্যান্ডে ওই ব্যক্তি শনাক্ত হন। তার দেহ পরীক্ষা করে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) নিশ্চিত করে যে, এটি স্ক্রুওয়ার্মের সংক্রমণ।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর সফর শেষে দেশে ফিরেছিলেন। এছাড়া আরও একজন ব্যক্তি, যিনি গুয়াতেমালা ভ্রমণ করে ফিরেছেন, তার দেহেও একই পরজীবী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সিডিসির ঘনিষ্ঠ সূত্র।

জনস্বাস্থ্যে ঝুঁকি কম হলেও সতর্কতা জরুরি

এইচএইচএস বলছে, যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্যে এ পরজীবীর ঝুঁকি খুবই সীমিত। তবে এটি গবাদিপশুর জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।

পরজীবীটি উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীদের দেহে ক্ষতস্থানে ডিম পাড়ে এবং ডিম থেকে ফোঁটা লার্ভাগুলো ক্ষতস্থানের মাংস খেতে শুরু করে। সময়মতো চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণী কয়েক সপ্তাহের মধ্যে মারা যেতে পারে।

মার্কিন কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, স্ক্রুওয়ার্ম যদি টেক্সাসের মতো বড় গবাদিপশু উৎপাদন রাজ্যে ছড়িয়ে পড়ে, তবে প্রায় ১ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।

সিডিসির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

রয়টার্স জানিয়েছে, কয়েকটি রাজ্যের পশুচিকিৎসক অভিযোগ করেছেন যে, সিডিসি সংক্রমণের তথ্য সময়মতো জানায়নি। বরং বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ম্যারিল্যান্ড রাজ্য কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেয়।

সাউথ ডাকোটা রাজ্যের পশুচিকিৎসক বেথ থম্পসন বলেন, “আমরা অন্য উৎস থেকে সংক্রমণের বিষয়ে জানতে পেরেছি। পরে যখন সিডিসিকে জিজ্ঞাসা করি, তখন তারা বিস্তারিত জানাতে অনিচ্ছুক ছিল।”

স্ক্রুওয়ার্ম কী?

স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছির লার্ভা, যা গবাদিপশু, বন্যপ্রাণী এবং বিরল ক্ষেত্রে মানবদেহেও আক্রমণ করে। স্ত্রী মাছিগুলো সাধারণত ক্ষতযুক্ত স্থানে ডিম পাড়ে। ডিম থেকে বের হওয়া লার্ভাগুলোর মুখ ধারাল হওয়ায় তারা মাংস খেতে সক্ষম হয়।

আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর দেহে দ্রুত ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা না পেলে প্রাণঘাতী পরিণতি ডেকে আনতে পারে।

চিকিৎসা সাধারণত লার্ভা অপসারণ ও ক্ষত পরিষ্কারের মাধ্যমে করা হয়, তবে এটি একটি জটিল এবং কষ্টসাধ্য প্রক্রিয়া।

গবাদিপশু খাত সতর্ক অবস্থানে

মধ্য আমেরিকা থেকে উত্তর দিকে এ পরজীবী ছড়িয়ে পড়ার আশঙ্কায় গরু খামারি ও গবাদিপশু ব্যবসায়ীরা সতর্কাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এখনও পর্যন্ত কোনো প্রাণীর মধ্যে স্ক্রুওয়ার্ম সংক্রমণের তথ্য প্রকাশ করেনি।

বিশেষজ্ঞরা বলছেন, এ সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিকভাবে সতর্কতা ও নজরদারি জোরদার করা জরুরি।