মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম রেনি নিকোল গুড (৩৭)। তিনি একজন মার্কিন নাগরিক। এ তথ্য জানিয়েছে বিবিসি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ওই নারী একজন ‘হিংস্র দাঙ্গাকারী’ ছিলেন এবং তিনি আইসিই এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় আত্মরক্ষার্থে এক এজেন্ট তার গাড়ির দিকে গুলি ছোড়েন।
তবে শহর ও অঙ্গরাজ্যের নেতৃত্বসহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতারা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে ঘটনাটিকে একজন এজেন্টের বেপরোয়া ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলেই একজন মানুষের প্রাণ গেছে। তিনি আইসিই এজেন্টদের উদ্দেশে বলেন, তাদের শহর ছেড়ে চলে যাওয়া উচিত।
এই ঘটনাকে ঘিরে মিনিয়াপোলিসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং শহরের বাইরেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহর থেকে আইসিই এজেন্টদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন।





