যুক্তরাষ্ট্র ভারতকে জ্যাভলিন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি গোলা বিক্রির অনুমোদন দিয়েছে। মোট চুক্তির মূল্য ৯ কোটি ৩০ লাখ ডলার। বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি, খবর রয়টার্স।
ফরেন মিলিটারি সেলস কর্মসূচির অধীনে এটি ভারতের জন্য প্রথম মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনা। রাশিয়ার তেল আমদানি ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে শুল্ক বাড়ানোর পর যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, এই অনুমোদন সেই সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি ভারত নিজস্ব যুদ্ধবিমান তেজসের সক্ষমতা বাড়াতে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ক্রয়ের পুনঃঅর্ডারও দিয়েছে।
ডিএসসিএ জানায়, এই সম্ভাব্য বিক্রয় যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও নিরাপত্তা স্বার্থ পূরণে ভূমিকা রাখবে। সংস্থাটি আরও জানায়, ভারত ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভারত ২১৬টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল গোলা এবং ১০০ ইউনিট জ্যাভলিন সিস্টেম ক্রয়ের আগ্রহ জানিয়েছে। তারা এরই মধ্যে এম-৭৭৭ হাউইটজার কামানে এক্সক্যালিবার গোলা ব্যবহার করছে।
এই চুক্তিতে এক্সক্যালিবার সরবরাহ করবে আরটিএক্স কর্পোরেশন এবং জ্যাভলিন সিস্টেম সরবরাহে আরটিএক্সের সঙ্গে যৌথভাবে কাজ করবে লকহিড মার্টিন।





