যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের মেয়াদি একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে নতুন এই চুক্তি আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


শুক্রবার (৩১ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন, যা পরে বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


এক্স–এ দেওয়া পোস্টে পিট হেগসেথ বলেন, “এই প্রতিরক্ষা কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতাকে আরও গভীর করবে।”


চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “আমরা এর আগে তিনবার ফোনে কথা বলেছি। আজ এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারত–মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”


হেগসেথ তার পোস্টে আরও উল্লেখ করেন, রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরই এই প্রতিরক্ষা কাঠামো চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হয়।