রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে শনিবার (৯ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরও যারা নির্বাচন পেছাতে চান বা পিছিয়ে দেয়ার চক্রান্ত করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনকালীন দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতন সত্ত্বেও বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক—এটাই বিএনপির মূল আকাঙ্ক্ষা। ৫ আগস্ট জাতীয় সরকারের প্রস্তাব নাকচ করে বিএনপি এই কারণেই এগিয়ে এসেছে।

বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, “৫ আগস্টের পর থেকে নানা অপপ্রচার করা হলেও বিএনপি গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় কাজ করছে।”

তিনি জানান, আগামী রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন পাঠানপাড়া ঈদগাহ মাঠের সামনে অনুষ্ঠিত হবে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আব্দুস সালাম আরও বলেন, অনেক দল গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের মধ্যে বাস্তবিক গণতন্ত্র নেই। বিএনপি প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করেছে। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে, যার পেছনে নানা কারণ রয়েছে।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন-অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা প্রমুখ।