রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফ্ল্যাটে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে, ধলপুর বউবাজার এলাকার লিচুবাগান মসজিদের পাশে একটি ভবনের সপ্তম তলায়।
দগ্ধরা হলেন—মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
চিকিৎসকরা জানিয়েছেন, চারজনেরই শরীরের বিস্তৃত অংশ দগ্ধ হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, বিস্ফোরণের সময় তুহিন ও ইবার পরিবার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণে ঘরে আগুন লেগে যায় এবং চারজনই আগুনে পুড়ে আহত হন।
তিনি আরও জানান, আশপাশের বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে তাদের রাতেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করান।





