জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান যাকাতের অর্থ দিয়ে শাড়ি-লুঙ্গি বিতরণ এবং স্বল্প পরিমাণ টাকা দানের পরিবর্তে দরিদ্রদের স্বাবলম্বী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অল্প পরিমাণ অর্থ সহায়তা করে কেউ স্বাবলম্বী হতে পারে না, তাই যাকাত এমনভাবে দিতে হবে যাতে একজন ব্যক্তি পরবর্তীতে আর কারো কাছে সাহায্যের প্রয়োজন না হয়।”
\r\nতিনি উল্লেখ করেন, দেশে ইসলামি সরকার না থাকায় অনেকেই যাকাতের টাকা সরাসরি সরকারের হাতে দিতে চান না। ফলে বিভিন্ন সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যবস্থাপনা করা হয়। জামায়াতের পক্ষ থেকে যাকাত গ্রহণ করে তা যথাযথভাবে ব্যবহার করা হয় এবং প্রয়োজনীয় তদারকিও করা হয় বলে জানান তিনি।
\r\nডা. শফিকুর রহমান আরও বলেন, “আল্লাহর ওয়াস্তে হাতজোড় করে অনুরোধ করবো, শাড়ি-লুঙ্গি বিতরণ করবেন না। ২০, ৫০ বা ১০০ টাকা দেবেন না, কারণ এতে কেউ স্বাবলম্বী হবে না, যাকাতের মূল উদ্দেশ্যও পূরণ হবে না।”
\r\nতিনি আহ্বান জানিয়ে বলেন, যদি কেউ সরাসরি আত্মীয়-স্বজনকে পুনর্বাসন করতে লজ্জা পান, তাহলে জামায়াত দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি বলেন, “আমরা আপনার পক্ষ থেকে কাজ করবো, তদারকি করবো এবং আমাদের মূল লক্ষ্য থাকবে সমাজ থেকে দারিদ্র্য দূর করা।”





