যশোরের অভয়নগরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কবরস্থান নিয়ে আগের দিনের বিরোধের জেরে উত্তেজনা তৈরি হয়। বুধবার বিএনপি সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে মারামারির ঘটনায় সাত্তার আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে মিছিল বের হয়। আসরের নামাজের পর দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে জামায়াতের চারজন ও বিএনপির পাঁচজন আহত হন।

অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।