যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে কেশবপুর পৌর শহরের সাবদিয়া এলাকার ওই বাসভবনে এ হামলা হয় বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক মোক্তার আলীর প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ। তিনি বলেন, নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একজন জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ককটেল হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী সময়কালে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রিজাউল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। অধ্যাপক মোক্তার আলী বলেন, কারা এ হামলা চালিয়েছে তা তিনি জানেন না। তবে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান। এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সংবাদ লোড হচ্ছে...





