শার্শা-বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (৫ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।


 এ সময় ভারতীয় ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, দুটি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।


অভিযান চলাকালে যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. আমিনুর রহমান (৫২)-কে আটক করা হয়। তিনি মৃত মনছব গাজীর ছেলে।


বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিবিজিএম, পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। 

এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান