ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে আটকা পড়া নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ জন বরযাত্রী দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় পৌঁছেছেন।
ঘটনা ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে, যখন বগুড়ার সারিয়াকান্দী থেকে জামালপুরের মাদারগঞ্জগামী বরযাত্রীবাহী নৌকা নদীর মাঝখানে আটকে যায়। ঘন কুয়াশা ও শীতের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের।
জানা যায়, মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার নিলয় হাসান ছানির বিয়ের জন্য ৪৭ জন বরযাত্রী বগুড়ার সাবগ্রামের চারমাথা এলাকায় যান। সন্ধ্যা ৬টার দিকে বিয়ে শেষ হওয়ার পর তারা কালীতলা ঘাট থেকে নৌকাযোগে মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
নৌকাটি যমুনার মাঝনদীতে পৌঁছালে মাঝি ঘন কুয়াশার কারণে দিকনির্দেশনা হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত পথ খোঁজার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। ১৭ জন নারী ও ৯ জন শিশুসহ মোট ৪৭ জন যাত্রী নিরাপত্তার কারণে নৌকাটি নদীতে নোঙর করে সারারাত অবস্থান করেন।
শনিবার সকাল বেলা কুয়াশা কিছুটা কাটলে বিকল্প দুই নৌকা ব্যবহার করে সবাই নিরাপদে জামথল ঘাটে পৌঁছান। বরযাত্রীর নৌকায় থাকা রফিকুল ইসলাম মেজর বলেন, “পথ হারিয়ে যাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে সারারাত নদীতে অবস্থান করি। সকালে নিরাপদে পৌঁছাতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় নদীতে থাকা সত্ত্বেও কেউ আহত হয়নি। তিনি সবাইকে রাতের সময়ে নৌপথে চলাচল না করার জন্য সতর্ক করেছেন।





