৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রওনা দেওয়া শিক্ষার্থীদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।
পরীক্ষার্থীরা জানান, গত বিসিএসে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও এবার তাদের সামনে মাত্র দুই মাসেরও কম প্রস্তুতির সময় রাখা হয়েছে। তারা মনে করছেন, এ সিদ্ধান্ত অযৌক্তিক। তাই পরীক্ষার তারিখ পেছানোর দাবি তুলেছেন।
তাদের দাবি, সময় বাড়ানো না হলে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছেন তারা।
পরিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের পরও পিএসসি চেয়ারম্যান নতুনভাবে স্বৈরাচারী আচরণ করছেন।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রগুলোতে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮ বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন আবেদন করেন। তাদের মধ্যে ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারির ফল প্রকাশিত হয় ২৮ সেপ্টেম্বর।





