মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির প্রার্থী প্রীতম দাশ রোববার দুপুরে পৌরসভার ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। তিনি নির্বাচিত হলে অন্যান্য সমস্যার পাশাপাশি দ্রুত এই ময়লার ভাগাড়ের সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার আশ্বাস দেন।


প্রীতম দাশ বলেন, শ্রীমঙ্গলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ এই ময়লার ভাগাড়। তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদ এবং আশপাশের এলাকার বাসিন্দারা তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছেন।


তিনি আরও জানান, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও আদিবাসীদের ভূমির অধিকারের আন্দোলনে অংশ নেওয়ায় তাকে ১৩১ দিন কারাবরণ করতে হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চা শ্রমিক, আদিবাসী, কৃষক, যুবক ও নারীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় রয়েছেন।


নির্বাচনি ইশতেহারে প্রীতম দাশ জানান, শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।


ইশতেহারে তিনি চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, আদিবাসী ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা, হাওর দখলমুক্ত করা, সিন্ডিকেট ভেঙে দেওয়া, সবার জন্য মাছ ধরার অধিকার নিশ্চিত করা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনসহ ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনার কথা তুলে ধরেন।


এছাড়া শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি, পৌরসভা সম্প্রসারণ, শমসেরনগরকে পূর্ণাঙ্গ পৌরসভায় রূপান্তর, যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন। কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করা, আধুনিক বহুমুখী কৃষি ব্যবস্থা চালু, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিউনিটি সেফটি নেটওয়ার্ক গঠনের কথাও উল্লেখ করেন তিনি।


তরুণদের জন্য ওয়ান স্টপ ইয়ুথ সেন্টার ও ডিজিটাল হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, হোমস্টে ও ইকো-কালচারাল ট্যুরিজম উন্নয়নের পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরা হয়েছে।


এ সময় প্রীতম দাশ বলেন, ইমাম, পুরোহিতসহ সকল ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় বেতন-ভাতা নিশ্চিত করা হবে এবং মসজিদ-মন্দিরসহ সকল উপাসনালয়ের বেদখলকৃত জমি উদ্ধার করা হবে।