একক কোনো রাজনৈতিক দলের প্রতি নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
\r\nসোমবার (১৬ জুন) রাজধানীর গেণ্ডারিয়া-ওয়ারী জোনের থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
\r\nতিনি বলেন, “৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে। এরপর গণতন্ত্রকামী দলগুলোর মতামতের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, তিনি জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
\r\nড. মাসুদ সতর্ক করে বলেন, “একক কোনো গোষ্ঠী বা দলের প্রতি অনুগত হলে জাতির স্বপ্ন ব্যর্থ হবে এবং দেশ আবারও বিভ্রান্তির পথে পা বাড়াবে। এমনকি আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ এক শাসনব্যবস্থার আশঙ্কা তৈরি হতে পারে। তাই এই সরকারকে জনগণের ভাষা ও মনের কথা বুঝে কাজ করতে হবে।”
\r\nতিনি আরও বলেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠা ও ইকামাতে দ্বীনের বিজয়ের লক্ষ্যে অতীতের চেয়ে আরও বেশি ত্যাগ ও কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহর বিধান অনুসরণেই মানবজাতির কল্যাণ নিহিত—সেই সত্য মেনে জীবন পরিচালনা করাই হবে সর্বোত্তম পথ।”
\r\nঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
\r\nএছাড়া উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য মাওলানা মীর আমিরুল ইসলাম, রুহুল আমিন, গোলাম আজম, কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





