রাজধানীর মোহাম্মদপুরে যুবক শামসাদ (২৫)কে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে বাসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
রোববার রাত সোয়া ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. সাজীব (২০), মো. রাজু (৩২), মো. সায়ন (১৮), মো. জাহিদ (২৫), মো. পৃথিবী (২৫), মো. সজীদ (২১), মো. সরফরাজ (২১), মো. কবির হোসেন (২২) ও মো. বশির (৫৩)।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের ৪৬ পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। অভিযুক্তদের শামসাদকে অপহরণ ও নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে।
পরবর্তীতে তাদের আইনি কার্যক্রমের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শামসাদ গতকাল ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।





