জাতীয় রাজস্ব বোর্ড মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নেমেছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান শুল্ক ৬ শতাংশ হ্রাস পেয়েছে।


একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে প্রতিযোগিতার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সংযোজনকারীরা যে উপকরণ আমদানি করেন, তার উপর কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন সংযোজনকারীদের উপকরণ আমদানির শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এই দুই প্রজ্ঞাপনের মাধ্যমে ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি আমদানি করা মোবাইল ফোনের দাম প্রায় ৫ হাজার ৫০০ টাকা কমবে, আর দেশীয়ভাবে সংযোজিত একই মূল্যের মোবাইল ফোনের দাম কমবে প্রায় ১ হাজার ৫০০ টাকা।


সরকারের এই পদক্ষেপে মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর ফলে, দেশের সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।