উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রব্বানী নিহত হয়েছেন। তিনি ধর্মগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ রব্বানী একটি আর্থিক মামলার নিষ্পত্তির জন্য মোটরসাইকেল নিয়ে ঠাকুরগাঁও কোর্টের উদ্দেশ্যে রওনা হন। তিনি বাড়ি থেকে যাত্রা শুরু করলে ঠাকুরগাঁও পৌঁছার আগেই পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ রব্বানী ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ব্যবসায়ী মজিবুর রহমানের (পিয়াজু) বড় ছেলে। তিনি এলাকায় একজন পরিচিত ব্যাক্তি ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।





