রাজধানীর শাহবাগ এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পুলিশের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার রিয়াজ চৌধুরি।
মামলায় অব্যাহতি পাওয়া অন্যান্য নেতাদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১১ ডিসেম্বর হাইকোর্টের মাজার গেট এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরদিন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে চলতি বছরের ১০ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন, যেখানে বিএনপি মহাসচিবসহ ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।





