ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্টাফরা কাজে ফিরেছেন, যাদের একাংশ সোমবার কর্মবিরতিতে গিয়েছিলেন। মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত স্টাফরা ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের আশ্বাসের পর আবার কাজে যোগ দেন।
সোমবার সকালে স্টেশনে উপস্থিত থাকলেও মেট্রোরেলের স্টাফরা কোনও সহায়তা দিচ্ছিলেন না। এতে যাত্রীরা বাধাহীনভাবে বিনা টিকিটে যাতায়াতের সুযোগ পান বলে জানিয়েছেন স্টেশনে উপস্থিত নিরাপত্তাকর্মীরা।
সকাল পৌনে ৯টায় মিরপুর-১০ স্টেশনে উপস্থিত হয়ে এমডি ফারুক আহমেদ কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর স্টাফরা কাজে ফেরেন।
ঘটনার পেছনের প্রেক্ষাপট
গত ১৬ মার্চ বিকেলে সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই নারী বিনা টিকিটে ভ্রমণ শেষে সুইং গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলে কর্তব্যরত স্টাফরা তাদের থামান। এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং পরে কন্ট্রোল রুমে চলে যান।
পরবর্তীতে, আরও দুই এপিবিএন সদস্য একইভাবে সুইং গেট ব্যবহার করলে তাদেরও কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর পুলিশের আরও কয়েকজন সদস্য এসে মেট্রোরেলকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক পুলিশ সদস্য রাইফেল দিয়ে এক কর্মীর কাঁধে আঘাত করেন এবং আরেক কর্মীকে টেনে নিয়ে মারধর ও বন্দুক তাক করে গুলি করার হুমকি দেন। পরে উপস্থিত যাত্রী ও অন্যান্য কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উভয় পক্ষই আহত হওয়ার অভিযোগ করে।
মেট্রোরেল স্টাফদের ৬ দফা দাবি
এ ঘটনার পর ডিএমটিসিএল স্টাফরা ছয় দফা দাবি উত্থাপন করেন:
১. ঘটনার মূলহোতা এসআই মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের (কনস্টেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) শাস্তি প্রদান ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
মেট্রোরেল স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে।
এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে।
স্টেশনে কর্মরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ সব কর্মীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অফিসিয়াল পরিচয়পত্র ও অনুমতি ছাড়া কেউ যেন পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
আহত কর্মীদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, তারা স্টাফদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।





