কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেজটি কয়েকদিন ধরে সংঘবদ্ধ ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হচ্ছিল। মেটা কর্তৃপক্ষ এই অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। তবে এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে হয়নি, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
এনামুল হক বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনকে ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই কাজ করেছে। তবে ফেসবুক থেকে পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমীর হামজাকে সরানো যাবে না।”
তিনি আরও জানান, পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলছে। সমর্থকদের অনুরোধ করা হয়েছে ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হতে।
এনামুল হক জানিয়েছেন, আজ জোহরের নামাজের পর পেজটি বন্ধ হয় এবং এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি দায়েরের প্রক্রিয়া চলছে।





