প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী মেক্সিকোর সিনালোয়া রাজ্যে সোমবার (৩ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র হামলাকারীদের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। সিনালোয়া রাজ্যের গ্রামীণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ।
মিনিস্ট্রির তথ্য অনুযায়ী, সংঘর্ষের আগে সশস্ত্র একটি দল স্থানীয় কর্তৃপক্ষের ওপর হামলা চালায়। নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে নয়জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
সিনালোয়া রাজ্য বহু বছর ধরে কুখ্যাত সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন। সরকারি বাহিনী এই অঞ্চলে কার্টেলের নিয়ন্ত্রণ কমাতে অভিযান চালাচ্ছে। তাই রাজ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, সিনালোয়া কার্টেলের বিভিন্ন উপদলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে।
প্রতিবেশী যুক্তরাষ্ট্রও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৫টি মাদকবাহী নৌযান ধ্বংস করা হয়েছে এবং ৬৪ জন নিহত হয়েছেন।





