মেক্সিকোর উত্তরাঞ্চলের সোনোরা প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (১ নভেম্বর) প্রদেশটির গভর্নর আলফোনসো দুরাসোর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
গভর্নর দুরাসো এক ভিডিও বার্তায় জানান, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, আর আহতরা হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রেনারের বরাতে স্থানীয় রেডিও উনিরাদিও সোনোরা জানায়, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ ও ৬ জন শিশু রয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হেরমোসিলো শহরের ওয়ালডোস নামের একটি চেইন দোকানে। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোনোরা প্রাদেশিক জননিরাপত্তা দপ্তর জানিয়েছে, ঘটনাটি কোনো নাশকতা বা হামলার কারণে ঘটেনি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তায় স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজের নেতৃত্বে একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।





