ইতালির মান্তুয়া শহরের কাছে বোরগো ভিরজিলিও এলাকায় এক ব্যক্তিকে তার মৃত মায়ের পোশাকে ছদ্মবেশ ধারণ করে পেনশন তোলার সময় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কল্যাণ ভাতা জালিয়াতি ও লাশ গোপন রাখার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি মেকআপ, গয়না ও মায়ের চুলের স্টাইল নকল করেছিলেন। ২০২২ সালে মায়ের মৃত্যুর পরও তিনি তার পেনশন তোলার জন্য দেহ ঘরে লুকিয়ে রাখতেন। ঘটনা প্রকাশ পায় এ মাসের শুরুতে, যখন স্থানীয় কাউন্সিল অফিসে মায়ের পরিচয়পত্র নবায়নের জন্য ছেলেটি নারীর পোশাকে হাজির হয় এবং একজন কর্মী সন্দেহ প্রকাশ করেন।

পুলিশ বাড়ি তল্লাশি করে লন্ড্রি রুম থেকে নারীর লাশ উদ্ধার করেছে। মেয়র ফ্রান্সেসকো আপোরতি জানিয়েছেন, ছেলে ধীরে ধীরে বৃদ্ধা নারীর মতো হেঁটে অফিসে ঢুকেছিল, ঠোঁটে লিপস্টিক, নখে নেইলপলিশ, গলায় পুরোনো গয়না, কানে কানের দুল ও মাথায় বব কাট চুল ছিল। তবে তার পুরুষালি স্বর মাঝে মাঝে প্রকাশ পায়।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই ব্যক্তি বেকার নার্স ছিলেন। মায়ের পেনশন ও পরিবারের সম্পত্তি মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় ৫৩ হাজার ইউরো। ইতালিতে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে; ২০২৩ সালে ভেরোনা ও পুগলিয়ার শহরে মৃত অভিভাবকের লাশ ঘরে রেখে পেনশন তোলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শিশুসন্তানরা।