চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বাখরপুর বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মো. জহিরুল ইসলামকে মোটরসাইকেল উপহার দিয়েছেন মুসল্লিরা।

দীর্ঘ ২৩ বছর ধরে মসজিদে ইমামতি করা এই ধর্মপ্রাণ আলেমকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ মাস্টারের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেন মুসল্লিরা।

প্রবাসী সবুজ মিজি জানান, ইমামের দীর্ঘদিনের নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ স্থানীয় মুসল্লিদের যৌথ উদ্যোগে অর্থ সংগ্রহ করে এই উপহার দেওয়া হয়েছে।

উপহার পেয়ে আবেগাপ্লুত ইমাম জহিরুল বলেন, “মুসল্লিদের এই ভালোবাসা আমাকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে উৎসাহিত করবে।”

মসজিদ কমিটির সভাপতি মোক্তার আহমদ বলেন, ইমাম শুধু ইমামতিই করেননি, পাশাপাশি এলাকার তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখাতেও সক্রিয় ছিলেন। তাই কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এমন উদ্যোগ শুধু একজন ইমামের অবদানকেই স্বীকৃতি দেয় না, সমাজে সৎ ও নিষ্ঠাবানদের প্রতি কৃতজ্ঞতার সংস্কৃতিও গড়ে তোলে।।