জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, দলটি যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে মুসলিম বিশ্বের যাকাত তহবিল বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। তার দাবি, এই অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব।
শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. তাহের বলেন, “যদি সরকারি ব্যবস্থাপনায় যাকাত আদায় করা যায়, তাহলে মাত্র তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। শুধু দেশীয় নয়, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব বিপুল পরিমাণ যাকাত আদায় হয়, তা বাংলাদেশে নিয়ে এসে কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এতে হাজার হাজার কোটি টাকার একটি শক্তিশালী তহবিল গড়ে উঠবে।”
যাকাতের অর্থ কীভাবে ব্যবহার করা যায়, তার একটি উদাহরণ টেনে তিনি বলেন, “একজন যুবককে যদি পাঁচ লাখ টাকা যাকাত থেকে দেওয়া হয় এবং সেই টাকায় ১০টি বাদামের ব্যবসার কার্ট চালু করা হয়, তাহলে প্রতিদিন অন্তত ১০ জনের কর্মসংস্থান হবে। প্রতিটি কার্টে ২০ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এতে একজন পরিচালকের মাসিক আয় দাঁড়াবে প্রায় ৯০ হাজার টাকা। এভাবে যাকাতের অর্থ ব্যবহার করে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা যাবে।”
অনুষ্ঠানে প্রবাসীদের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ড. তাহের। তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামে প্রবাসীরা যেমন ভূমিকা রেখেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন, তা প্রশংসার গণ্ডি ছাড়িয়ে গেছে। যারা রক্ত দিয়েছেন, কলম ধরেছেন বা জীবনের ঝুঁকি নিয়েছেন— তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে।”





