সমুদ্রপথে মিয়ানমারে পাচারের চেষ্টা চলাকালে বিপুল পরিমাণ ডাল ও সিমেন্টসহ দুটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় ২২ জনকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহেবুব এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার গভীর রাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।


কোস্টগার্ড জানায়, অভিযানে ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।


গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, মিয়ানমার থেকে মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে পাচার হচ্ছে এবং একই পথে কিছু পণ্য পুনরায় মিয়ানমারে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের ‘জয় বাংলা’ জাহাজ নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলার আটক করে তল্লাশি চালানো হলে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ডাল ও সিমেন্ট পাওয়া যায়।


লেফটেন্যান্ট সাকিব মেহেবুব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমরা ৩৩ লাখ টাকার বেশি মূল্যের ডাল ও সিমেন্ট জব্দ করেছি। আটক ২২ জন ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, সমুদ্রপথে অবৈধ পণ্য ও মাদক পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।