ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে আগ্রহী।
এ আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনি এলাকা হিসেবে পরিচিত। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক দিকপথে নতুন আলোচনার সূচনা হয়েছে।
এর আগে ১৯ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূরে শাহাদত সজন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে বড় দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা ফরম সংগ্রহ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির শক্ত অবস্থানের মধ্যে ছাত্রশিবিরের সাবেক নেতার প্রার্থিতা জোটগত বা কৌশলগত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াত সমঝোতায় আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।





