ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংযোগকালে টাকার মালা উপহার দিয়ে বরণ করেছেন সমর্থকরা।
বৃহস্পতিবার নির্বাচনি এলাকার সালন্দর ও বালিয়া ইউনিয়নে পৃথক দুটি গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় উচ্ছ্বসিত সমর্থকরা তাকে টাকার মালা পরিয়ে শুভেচ্ছা জানান।আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালিতলা এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব। সেখানে সমর্থকরা তাকে টাকার মালা পরিয়ে বরণ করেন।
এ ছাড়া সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নে আরেকটি গণসংযোগে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেও সমর্থকরা একইভাবে টাকার মালা উপহার দেন।





