সুনামগঞ্জ প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মিরর নিউজের  সাংবাদিক তৌহিদুল। অভিযোগ উঠেছে, গত ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিরর নিউজ  জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়।

ভুক্তভোগী সাংবাদিক জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন তিনি একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে একটি ভোটকেন্দ্রে ঘটে যাওয়া ঘটনার ভিডিও ধারণ করেন। ওই কেন্দ্রে কামরুজ্জামান কামরুল-এর এজেন্ট বিলাল এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ খাঁন-এর মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে, নিরপেক্ষ দায়িত্ববোধ থেকে তিনি ঘটনাটি ক্যামেরাবন্দি করেন।

সাংবাদিক তৌহিদুলের দাবি, ভিডিও ধারণের সময়ই বিলাল তাকে হুমকি দিয়ে বলেন, “নির্বাচনের পরে দেখে নেব।” তার ভাষ্য অনুযায়ী, গতরাতের হামলা সেই হুমকিরই বাস্তবায়ন। তিনি জানান, তাকে অতর্কিতভাবে আঘাত করা হয় এবং এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

তিনি আরও বলেন, এখনো পর্যন্ত ধারণকৃত ভিডিওটি প্রকাশ বা সংবাদ আকারে প্রচার করা হয়নি। ভিডিওটি প্রকাশ করলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

একজন সংবাদকর্মীর উপর এ ধরনের হামলার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিকের নিরাপত্তা বিঘ্নিত হওয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী সাংবাদিক তৌহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, মিরর নিউজ দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি—ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।