গত ৯ ডিসেম্বর মিরপুর-১ এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানের সময় হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ৩১ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, গত রাতে সার্ভেয়ার মো. তসলিম হোসেন বাদী হয়ে মিরপুর শাহআলী থানায় পেনাল কোডের ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩০৭, ৩৫৩ ও ৪২৭ ধারায় মামলাটি দায়ের করেছেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ ডিসেম্বর বেলা আনুমানিক ১টা ৫০ মিনিটে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মিরপুর সেকশন-১৩ এলাকার শহীদ মিনার, খেলার মাঠ ও শিশু পার্ক সংলগ্ন ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ডিএনসিসির সম্পত্তি বিভাগ, আদালত-১ ও অঞ্চল-২ এর কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।


উচ্ছেদ অভিযানের সময় তালিকাভুক্ত ৩১ জনসহ ২০০-২৫০ জন অজ্ঞাত পরিচয়ের লোক হঠাৎ দলবদ্ধ হয়ে লোহার রড, বাঁশ নিয়ে হামলা চালায় এবং উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলাকারীরা সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমের ওপর আক্রমণ চালায়।


এ সময় হামলাকারীরা ডিএনসিসির ব্যবহৃত সরকারি গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বহনকারী গাড়ি, দুটি পেলোডার ও বেকু লোডার ভাঙচুর করে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করে। এছাড়া ম্যাজিস্ট্রেটের গাড়িচালক মো. রাজু মিয়া, ভেকু ড্রাইভার আবেদ, পেলোডার ড্রাইভার রয়েল ও পরিচ্ছন্ন কর্মীসহ কয়েকজন কর্মচারী আহত হন।


মামলায় উল্লেখ করা হয়েছে, আহতদের চিকিৎসা এবং হামলাকারীদের পরিচয় সংগ্রহ করতে দেরি হওয়ায় মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

ডিএনসিসি জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত উচ্ছেদ অভিযানে এই ধরনের হামলা দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।