মায়ের সঙ্গে মাংস কিনতে বের হয়েছিলেন রাফিউল ইসলাম রাফি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের এই শিক্ষার্থী শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার বংশালে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ভেঙে পড়ে মারা যান। একই ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়। ঘটনার সময় রাফি ও তার মা একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন।


\r\n

রাফির মা নুসরাত (৪৪) গুরুতর আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি এখনও জানেন না ছেলের আর কোনো খবর নেই।


\r\n

রাফির সহপাঠীরা জানান, ছুটির দিনে তিনি মায়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন। ভূমিকম্প শুরু হওয়ার মুহূর্তে হঠাৎ পাশের পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে দোকানের সামনে থাকা ক্রেতারা চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা রাফিকে মৃত ঘোষণা করেন।


\r\n

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদী, গভীরতা ১০ কিলোমিটার।


\r\n

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজন। দুজন শিশু মারা গেছে। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক এবং নরসিংদীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। ঢাকার কসাইতলীতে রেলিং ধসে প্রাণ হারান সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফি (২০) এবং একজন অজ্ঞাত ব্যক্তি।