চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান।

খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং সংক্রমণজনিত সমস্যা।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় তার শারীরিক অবস্থায় একাধিক জটিলতা ধরা পড়ে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় বলে জানায় চিকিৎসকরা।