তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকে পদটি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তিনি বলেন, “গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তায় আছি যে আমি কখন পদ ছাড়ব বা থাকব, সেটা জানি না।”

সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস), সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

মাহফুজ আলম বলেন, “রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে যে যারা কাজ করছে তারা বাধা সৃষ্টি করবে না এবং কাজ সম্পাদনে সহায়তা করবে। মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি শুরু হয়েছে, যা সরকারি বাসভবন থেকেও শুনতে হয়েছে।”

তিনি আরও জানান, সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে বিল আকারে পাশ হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে প্রক্রিয়া শুরু হওয়ার নির্দেশনা দেওয়া হলেও এখনো এটি দ্বিতীয় ধাপে রয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, “যেখানে অন্যান্য উপদেষ্টা এখনও দায়িত্ব বুঝতে পারছেন না, সেখানে আমি এমন সময়ে দায়িত্ব নিয়েছি যখন পরদিনই পদত্যাগের সম্ভাবনা দেখা দিতে পারে। তবু আশা করি সরকারের সময়সীমার মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন কার্যকর হবে।”