ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। কেউ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দিলে সেই হাত আর থাকবে না। পেশিশক্তির ব্যবহার করার দিন শেষ। কাউকে হুমকি দেওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, পেশিশক্তিমুক্ত, অবাধ ও সুষ্ঠু।

তিনি বলেন, পুরো চাঁদপুর জেলায় নির্বাচনসংক্রান্ত অনিয়ম নিয়ে খুব কম অভিযোগ এসেছে। রাজনৈতিক নেতাদের নিজ নিজ উদ্যোগে নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে।

নাজমুল ইসলাম সরকার বলেন, নির্বাচন হবে না—এমন ধারণা ভুল। নির্বাচন করার জন্য সরকার আমাদের দায়িত্ব দিয়েছে। হুমকি-ধমকি কোনো কাজে আসবে না। কেউ বাড়াবাড়ি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রচার-প্রচারণা শুরুর সময় থেকে সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং তার আগ পর্যন্ত কঠোরভাবে আচরণবিধি মানতে হবে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ভুলে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরফিন, হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল জব্বারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।