মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজ করার অনুমতি দেওয়ার দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির। তিনি স্পষ্টভাবে বলেন, এ বিষয়ে ফেডারেল সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

রবিবার (২৫ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কেদাহ রাজ্যের শিল্প, বিনিয়োগ ও উচ্চশিক্ষা বিষয়ক এক্সকো সদস্য ড. হাইম হিলমান আবদুল্লাহ সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা ভুল এবং দায়িত্বজ্ঞানহীন।

ড. জাম্ব্রি বলেন, হাইমের বক্তব্যে দাবি করা হয়, ফেডারেল সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য “গ্র্যাজুয়েট পাস”-এর মাধ্যমে কাজের অনুমতি দিয়েছে, যা পুরোপুরি ভিত্তিহীন। এই দাবি একটি বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উচ্চশিক্ষামন্ত্রী আরও জানান, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময়ও এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা হয়নি।

ড. জাম্ব্রি বলেন, “একজন একাডেমিক ব্যক্তিত্ব হিসেবে হাইম হিলমানের উচিত ছিল যাচাই-বাছাই করে সঠিক তথ্য উপস্থাপন করা। অনুমাননির্ভর কিংবা ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা একেবারেই অনুচিত।”

তিনি আরও বলেন, “ভুল তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কনটেন্ট তৈরির প্রবণতা এখনই বন্ধ করতে হবে। তথ্য হতে হবে সত্য ও প্রমাণভিত্তিক—এটাই একাডেমিক নীতিমালার মূল কথা।”

উচ্চশিক্ষামন্ত্রী তার বিবৃতিতে সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।