মালয়েশিয়ার সাতটি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যা থেকে ১০ হাজার ৯২২ জন মানুষ প্রভাবিত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলানটান রাজ্য। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বাস্তুচ্যুতদের জন্য ওই সাতটি রাজ্যে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে সোমবার সকাল পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন বন্যা কবলিত হয়েছেন। রোববার রাতে এই সংখ্যা ছিল ৮ হাজার ৮৩০।
ভারী বর্ষণ অব্যাহত থাকায় কেলানটানের পরিস্থিতি এখনও সংকটজনক। অন্যান্য রাজ্যগুলোতেও বন্যার পানি বাড়ছে। পার্লিসে ২৪৩টি পরিবার, অর্থাৎ ৮১১ জন ব্যক্তি বন্যার প্রভাবের মুখোমুখি হয়েছেন। পেনাংয়ে বন্যা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭টি পরিবারের ২৪২ জন হয়ে গেছে। তবে কেদাহ এবং তেরেঙ্গানুতে বন্যার প্রভাব কিছুটা কমেছে।
মালয়েশিয়ায় প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলা বর্ষাকালে পূর্ব উপকূলে বন্যা সাধারণ ঘটনা। এ সময় লাখো মানুষ বাস্তুচ্যুত হন।





