মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ৭৭০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি।

বুধবার (৩ সেপ্টেম্বর) নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর বুকিত বিনতাং এলাকায় অভিবাসন বিভাগের বড় ধরনের অভিযান চালানো হয়। “অপস বেলাঞ্জা” নামে পরিচিত এ অভিযানে পুরো এলাকা লকডাউন করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। তিন ব্লকের সব প্রবেশ ও প্রস্থানপথ ঘিরে নথি পরীক্ষা চালানো হয়।

অভিযানে অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমানের নেতৃত্বে ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। তারা জানান, প্রায় ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয়।

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি (৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী)। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং আরও ৯ জন বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বাসরি ওসমান বলেন, আটক ব্যক্তিদের অধিকাংশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, বৈধ কাগজপত্র নেই অথবা অনুমতি ছাড়া কাজ করছিলেন। অভিযোগের ভিত্তিতে তিন সপ্তাহ ধরে এলাকা পর্যবেক্ষণ করে এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে বিদেশিরা অনলাইন জুয়া খেলছিলেন। এছাড়া কিছু দোকান বিদেশিদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, যা অভিবাসীদের একত্রিত হওয়ার জায়গায় পরিণত হয়েছিল।

আটকদের প্রাথমিক যাচাই শেষে পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেওয়া হবে এবং পরবর্তীতে আটককেন্দ্রে পাঠানো হবে বলে জানান বাসরি। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হবে, যাতে বৈধ কোটার বাইরে কোনো বিদেশি শ্রমিক নিয়োগ না দেওয়া হয়।