ইতালি ও মালয়েশিয়া থেকে পাঠানো মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। নিবন্ধনের সময় দেওয়া ঠিকানা ভুল বা ভুয়া হওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে ইসি।

ফেরত আসা ব্যালটের মধ্যে ইতালি থেকে ১ হাজার ৬০০টি এবং মালয়েশিয়া থেকে ৪ হাজারটি রয়েছে। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩৯ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট ফেরত এসেছে।

পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে পোস্টাল ব্যালটে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা খামের ভাঁজের মধ্যে পড়ে গেছে। একটি পোস্টাল ব্যালট পাঠাতে রাষ্ট্রের ব্যয় হচ্ছে প্রায় ৭০০ টাকা।