মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় সকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের পরিবেশনা দেখে ট্রাম্প স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে নাচে যোগ দেন। তার সেই নাচের ভিডিও অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।


এয়ার ফোর্স ওয়ান কুয়ালালামপুরে অবতরণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঐ সময় নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী সুরে নাচ পরিবেশন করছিলেন, আর ট্রাম্পও হাসিমুখে ছন্দে তাল মিলিয়ে নাচেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে বিমানবন্দর প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


অনুষ্ঠান শেষে ট্রাম্প উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার পতাকা হাতে নাড়িয়ে দুই দেশের বন্ধুত্বের প্রতীক প্রদর্শন করেন।


প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ট্রাম্প তিন দিনের সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন, ১৩তম আসিয়ান–মার্কিন শীর্ষ সম্মেলন এবং ২০তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সাংস্কৃতিক অভ্যর্থনা শেষে ট্রাম্প ও আনোয়ার ‘দ্য বিস্ট’ নামের রাষ্ট্রীয় লিমুজিনে চড়ে সম্মেলনের ভেন্যুর উদ্দেশে রওনা দেন।

মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এর আগে ১৯৬৬ সালে লিন্ডন বি. জনসন এবং ২০১৪ ও ২০১৫ সালে বারাক ওবামা মালয়েশিয়া সফর করেছিলেন।


মালয়েশিয়া সফর শেষে ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে টোকিওতে বৈঠক করবেন। তার এশিয়া সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হবে দক্ষিণ কোরিয়ায়, যেখানে তিনি এপেক (APEC) শীর্ষ সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প আশা করছেন ১ নভেম্বরের আগে চীন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হবে, অন্যথায় তিনি চীনা পণ্যের ওপর আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।