জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী মো. নাহিদ ইসলাম আসন্ন ২২ থেকে ২৪ আগস্ট তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সফরের আয়োজক এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স - মালয়েশিয়া চ্যাপ্টার।
এই সফরের আওতায় নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গেও আলোচনা করবেন। সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে থাকছে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট, যেখানে অংশ নেবেন ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশি। এই মহাসমাবেশে উপস্থিত থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ‘জুলাই বিপ্লব’-এর অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী বাংলাদেশিরা।
ইভেন্টে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসীদের অধিকার, মানবাধিকার রক্ষার বিষয় এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, “নাহিদ ইসলামের এই সফর প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।”
অন্যদিকে, সদস্য আলমগীর চৌধুরী আকাশ বলেন, “এই সফর থেকে যে দিকনির্দেশনা আসবে, তা বাংলাদেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকদের মতে, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং রাষ্ট্রগঠনে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে ইতোমধ্যে এ সফর ঘিরে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।





