জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন ‘ভিসা বন্ড’ ব্যবস্থার প্রেক্ষিতে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।


\r\n

শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ড. খলিলুর রহমান সম্ভব হলে বি-১ (স্বল্পমেয়াদী ব্যবসা) ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব রাখেন।


\r\n

জবাবে অ্যালিসন হুকার বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দেন। তিনি আরও জানান, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত অবস্থানের হার কমলে এই বন্ডের প্রয়োজন পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া, নথিপত্রহীন বাংলাদেশিদের স্বদেশে ফেরানোর ক্ষেত্রে ঢাকার সহযোগিতার প্রশংসা করেন হুকার।


\r\n

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ড. খলিলুর রহমান আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।


\r\n

অ্যালিসন হুকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেন।


\r\n

ড. খলিলুর রহমান উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বেড়ে যাওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি সম্ভব। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং আরও সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করেন।


\r\n

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়ন এবং সেমিকন্ডাক্টর খাতে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানান। এছাড়া গাজায় মোতায়েন হতে যাওয়া ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী’-এ অংশগ্রহণে বাংলাদেশের আগ্রহের কথাও জানান।


\r\n

এদিকে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড ও বাণিজ্য-বিনিয়োগসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় আলোচনা হয়।


\r\n

ড. খলিলুর রহমান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, মার্কিন পররাষ্ট্র ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


\r\n

সূত্র: বাসস