মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে মার্কিন বাহিনী ইতোমধ্যেই ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তিনি জানিয়েছেন, সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা ইতোমধ্যেই ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি। শুধু ক্ষেপণাস্ত্র নয়, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানাগুলোও ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ ধরনের আঘাত তারা আগে কখনও দেখেনি।”
যুদ্ধের সময়সীমা নিয়ে প্রশ্নে ট্রাম্প সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম আছে। তিনি আরও জানিয়েছেন, ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করা হয়েছে যে তাদের পুনরুদ্ধারে বছরের পর বছর লাগতে পারে।
সূত্র: এএফপি





