আইন মানতে বাধ্য করা সরকারের দায়িত্ব হলেও মানুষ সচেতন না হলে আইন কার্যকর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক সমন্বিত অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিমানবন্দর এলাকাকে শব্দদূষণমুক্ত রাখতে এবং ‘নীরব জোন’ কার্যকর করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ উপদেষ্টা বলেন, আইন বাস্তবায়নের ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তিনি জানান, এ অভিযানে সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
চালকদের উদ্দেশে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হর্ন না বাজিয়েও গাড়ি চালানো সম্ভব এবং তা ঢাকাতেই সম্ভব। তিনি বলেন, চালকদের মধ্যে অপ্রয়োজনীয় হর্ন বাজানোর অভ্যাস গড়ে উঠেছে। কিছু দেখার আগেই হর্ন, লাল বাতি সবুজ হওয়ার সঙ্গে সঙ্গেই হর্ন বাজানো হয়। এই মানসিকতা ও অভ্যাস পরিবর্তন করতে হবে।
শব্দদূষণ রোধে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।





