এক বছর পর আবারও ফিরে এসেছে ৫ আগস্ট— গণঅভ্যুত্থান ক্যালেন্ডারের ঐতিহাসিক ‘ছত্রিশ জুলাই’। এই দিনেই বিকেলে প্রকাশিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’।
আজ রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়,“ছত্রিশ জুলাই— গত বছর এই দিনে পৃথিবী প্রত্যক্ষ করেছিল এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে এই দিনে। শহিদদের রক্ত এবং যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ হয় বাংলাদেশ। পথে পথে নেমে আসে জনতার ঢল, আর দেশজুড়ে ছড়িয়ে পড়ে কৃতজ্ঞতার আবহ।”
বার্তায় আরও উল্লেখ করা হয়, এবারের ‘ছত্রিশ জুলাই’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউজুড়ে দিনব্যাপী থাকবে নানা কর্মসূচি ও উদ্যাপন। বিকেলে ঘোষিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’, যেখানে দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো, রাজনৈতিক রূপরেখা এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আয়োজনে সর্বস্তরের নাগরিকদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার বার্তায় আরও বলা হয়,“এই দিনটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব। ছত্রিশ জুলাই এখন শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতিগত চেতনার নাম।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ‘ছত্রিশ জুলাই’ নামে ইতিহাসে স্থান পায়, যেদিন গণজাগরণে ভেঙে পড়ে তৎকালীন সরকারের কর্তৃত্ব, যা পরবর্তীতে দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলে।





