সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
দপ্তর জানায়, জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
জানাজা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। দাফন অনুষ্ঠানে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দাফন নির্বিঘ্নে সম্পন্ন করতে জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্যদের প্রবেশ সীমিত রাখা হবে। দাফন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় জনসাধারণের চলাচলেও নিয়ন্ত্রণ থাকবে





