বেনাপোল থেকে ময়মনসিংহগামী একটি বাসে সিটের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ব্যাগটি খুলে তিনি দেখতে পান আইফোন, স্বর্ণালংকার, টাকা, গাড়ির চাবি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন তিনি।

ব্যাগটির মালিক প্রবাসী আনোয়ার হোসেন, যিনি ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা। ব্যাগটি ফেরত দেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান রনি।

এই শিক্ষার্থী জানান, শনিবার তিনি বন্ধুর বিয়ে শেষে একটি বাসে ঝিনাইদহ থেকে ময়মনসিংহ ফিরছিলেন। বাস থেকে নামার সময় পাশের সিটের নিচে একটি ব্যাগ দেখতে পান। কোনো যাত্রী ভুলবশত ফেলে গেছেন ভেবে তিনি সেটি সঙ্গে নিয়ে বাসা ফেরেন।

বাসায় ফিরে ব্যাগটি খুলে তিনি একটি আইফোন, কিছু স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ওষুধ পান। আইফোনটি বন্ধ থাকায় চার্জ দিয়ে চালু করার পরও এক দিনের বেশি সময় কোনো কল আসেনি। পরে তিনি ব্যাগটি থানায় জমা দেওয়ার কথা ভাবছিলেন। তবে সোমবার ফোনে একটি মেসেজ ও কল পেয়ে তিনি প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন।

হারানো ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে প্রবাসী আনোয়ার হোসেন বলেন, তাঁর স্ত্রী অসাবধানতাবশত বাসে ব্যাগটি ফেলে আসেন। ব্যাগে থাকা ফোনে তাঁর পর্তুগালের ভিসাসংক্রান্ত কিছু জরুরি ইমিগ্রেশন ডকুমেন্টস ছিল, যা হারালে বড় সমস্যায় পড়তে হতো।