আওয়ামী লীগের শাসনামলের সময় টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা ‘আয়নাঘর’-এ বিরোধী মতাদর্শের লোকদের গুম ও নির্যাতনের অভিযোগে পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসে। এরপর একে একে সেনা কর্মকর্তাদের হাজতখানায় তোলা হয়। সকাল থেকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা নিরাপত্তা তৎপরতা চালাচ্ছেন। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সক্রিয় দেখা গেছে।
শুনানি পরিচালনা করবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল। আজকের শুনানিতে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং পলাতক আসামি শেখ হাসিনা, তারেক সিদ্দিকি ও কামালের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে।
এর আগে ২২ অক্টোবর এই দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৮ অক্টোবর প্রসিকিউশন পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল।
টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আয়নাঘরে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন— ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী।
আজকের শুনানি শেষে হাজিরা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।





