কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম মাদক, চাঁদাবাজি ও অনলাইন-অফলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসলাম সমর্থন করে না—এমন কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আবুল কালাম বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। লাকসাম ও মনোহরগঞ্জবাসীর উন্নয়নে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। সরকারের ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচি আগামী ছয় মাসের মধ্যে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এ কার্যক্রম আজ থেকেই শুরু হবে।
তিনি আরও বলেন, দলীয় ইশতেহারের পাশাপাশি ব্যক্তিগতভাবে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করবেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খাত শক্তিশালীকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষুদ্র আয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হচ্ছে বলেও জানান তিনি।
এমপি আবুল কালাম বলেন, পদ-পদবির ঊর্ধ্বে মানুষ এবং সবার ঊর্ধ্বে বাংলাদেশ। তার রাজনীতির লক্ষ্য অর্থ বা ক্ষমতা নয়; মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন নিশ্চিত করা। গণতন্ত্রে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিপক্ষসহ সবার প্রতি সম্মান বজায় রেখে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে।





