রাজধানীর পুরান ঢাকার কদমতলী থানার শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।


ডিবি জানিয়েছে, গ্রেপ্তাররা এলাকায় মাদকের সাম্রাজ্য বজায় রাখতে অস্ত্র ব্যবহার করতেন এবং ত্রাস সৃষ্টি করায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না।


গ্রেপ্তাররা হলেন— মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে ৮ কেজি গাঁজা।


মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমীর খসরু জানান, গ্রেপ্তার তিনজনই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অস্ত্র ব্যবহার করতেন। এদের আস্তানা থেকে উদ্ধারকৃত মাদক পাইকারি হারে বিক্রি করা হতো।


ডিসি আমীর খসরু বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থানে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অস্ত্র লুট হয়েছে। আমরা পরীক্ষা করে দেখব এই উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কিনা। এছাড়া মাদক কারবারে সহযোগিতা না করার কারণে যারা বেরিয়ে গিয়েছেন, তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এসব বিষয়ও আমরা তদন্ত করে বের করব।”


তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ঘটানো বিভিন্ন হত্যাকাণ্ড ও সহিংসতা ডিবি সফলভাবে উদঘাটন করেছে, অস্ত্র জব্দ করেছে এবং আসামিদের গ্রেপ্তার করেছে। উদাহরণ হিসেবে তিনি পুরান ঢাকায় ঘটানো সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনাও উল্লেখ করেন।


গ্রেপ্তারদের বিরুদ্ধে ইতিমধ্যে দুটি করে অস্ত্র ও মাদক মামলা রয়েছে। পাশাপাশি কদমতলী থানায় এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।