মাঘ মাসে শীতের স্বাভাবিক আচরণের বিপরীতে দেশের আবহাওয়া থাকছে এলোমেলো। ভোর থেকে সকাল পর্যন্ত হালকা শীত অনুভূত হলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত রোদের তেজে বাড়ছে উষ্ণতা। আবার শেষ বিকেল থেকে রাত পর্যন্ত শীতের সঙ্গে বইছে হালকা হিমেল বাতাস, সঙ্গে কোথাও কোথাও কুয়াশা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন প্রকৃতির এই আচরণে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির মধ্যেই থাকবে এবং হাড়কাঁপানো শীত জেঁকে বসার আশঙ্কা নেই। উল্টো দেশের কিছু অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ২৭ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ২৯ ও ৩০ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৩১ জানুয়ারি রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।





